
আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা। কর্পোরেট যুগে ভাইয়েরা আজ প্রবল ব্যস্ত। ব্যস্ত দিদিরাও। তবু অফিস থেকে একটু আগে বেড়িয়ে ভাইয়েরা পৌঁছে যাবে দিদিদের কাছে।
কখনও কখনও চড়া হত নৌকাও।
সেক্টর ফাইভ থেকে বেরিয়ে ভবানীপুর পৌঁছতে ঘন্টাখানেক তো লাগবেই তাই, রঞ্জিনি দি অফিসে বসেই সুইগি করে দিয়েছে দুপুরের খাবার। রেসিপিতেও এসেছে বদল। সাবেক ভাইফোঁটায় লুচি-তরকারি, ফ্রায়েড রাইস-মাটন কষার বদলে বিভিন্ন বেকারি আইটেমে সাজানো থাকে থালা।
অর্ঘ্যও বেরিয়েছে অফিস থেকে। খিদিরপুর থেকে ভবানীপুর যাচ্ছে সে। পিঠে ভারি ল্যাপটপ। দিদির বাড়িতে পৌঁছেই ফোঁটার আগে রয়েছে গ্রুপ মিটিং। মিটিং চলতে চলতেই রঞ্জিনি দি ধান-দুব্বা-চন্দনের প্রস্তুতি নিচ্ছেন ফোঁটার।
ঘন্টাখানেক পর রঞ্জিনি দি’রও রয়েছে অফিস কল। কারওর হাতেই আর সময় নেই বেশি।
ফোঁটা দিতে দিতেই ওদের মনে পড়ে যায় ছোটবেলার ভাইফোঁটার দিনগুলো। দমদম, সোনারপুর, খিদিরপুর, বাগবাজার— সব জায়গা থেকেই ভাই-বোনেরা জমা হত এই ভবানীপুরে। তখন কারও-রই এত ব্যস্ততা ছিল না।
তাই, একসঙ্গে কালীপুজোর বাজি ফাটানোর পর, ভাইফোঁটার এই বিশেষ দিনে সারাদিনের হুল্লোড় পেরিয়ে, সবাই মিলে যেত আউটরাম ঘাট। তারপর শীত শীত সন্ধ্যায় পাপড়ি চাট আর ফুচকা খেয়ে একসাথে তোলা হত ছবি। কিন্তু সেসবই এখন স্মৃতি। আর একটু পরেই রঞ্জিনি দি আর অর্ঘ্যর অফিসের কল চলে আসবে।
কাজেই সুইগির ডেলিভারি দেওয়া খাবারগুলো কোনোক্রমেই খেয়ে বাড়ি ফিরতে হবে অর্ঘ্যকে। অবশ্য উবারে ফিরতে ফিরতে ছবিটা পোস্ট করে ক্যাপশনে লিখতেই হবে #mandatorybhaifotaselfie