দেবর্ষি বন্দ্যোপাধ্যায়

একটা কালীপুজো রাখা রয়েছে আমার বুকের ভেতর। নভেম্বরের রোদে শীত শীত করলে সেই পুজোটা উঁকি দেয়। ছেলেবেলার পাড়ায় সে পুজো হত রাতভোর। আর হয় না৷ আমাদের বাড়ির তত্ত্বাবধানেই হত এক রকম। স্বপ্নে দূর থেকে ভালো আজ দেখা যায় না সে পুজো। শেকড়-বাকড় নেমে এসেছে প্যান্ডেলের চারপাশে। ঢাক বাজাতে বাজাতে মাঝরাতে ঢুলছে ঢাকি। পাশে তার ছেলে ড্যাডাং ড্যাং করে ঘন্টা বাজিয়ে চলেছে। কুয়াশায় সাদা ক্যান্ডস্কেপ। চরাচর জুড়ে জেগে আছে কালীর সেই সজাগ চোখ। তখনও আমরা সুবর্ণরেখা ছবিটি দেখিনি, তাই শিখিনি ওই মূর্তি আসলে আমাদের অবচেতনে, মাদার কাল্টে ভয় দেখায় জীবনভর। কোজাগরীর আলতা ছাপ বাড়িজুড়ে দিয়ে যেত মা-কাকিমারা। তখনও জানতাম না, কমলকুমার লিখবেন এই ছাপের নৈপুণ্য দুনিয়ায় বিরল!.. কালীপুজোর কলকাতার আকাশ তখন শুধু দিন হয়ে যেত তুবড়ি আর দোদোমায়..বড় ভয় করত..ট্যাক্সিতে উঠলেই তাই জানলার কাচ তুলে দিতাম দ্রুত, পাছে রকেট ঢুকে পড়ে…
ভালো দেখতে পাচ্ছি না পুজোটা আজ। কুয়াশা আর শীতে কেমন একটা অভিমান জমে আছে। হাত পেতে প্রসাদ খেতেন এ পুজোয় পাড়ার মাতাল থেকে পাগলি-সবাই। খাওয়ার সময় ঢাক বাজা থামত খানিক। আশ্চর্য মায়াবী লাগত সে সময় কালীকে। আমার কেন যেন মনে পড়ত বেলুড় মঠ। মহাজাগতিক আলো। আমার কাছে সাম্যবাদ শব্দটা আর এই পুজো তারপর একাকার হয়ে যেত। জানতাম, যেদিন সাম্যবাদ আসবে সবাই খেতে পাবে। নর্দমা দিয়ে কুলকুল করে বয়ে যাবে দুধের নদী। সবাই যখন হাত পেতে প্রসাদ খেতেন, আকাশজুড়ে যখন দিন হয়ে যেত বাজির আলোয়, বালিগঞ্জ ফাঁড়ির মাঠে যখন বড় পুজোয় জমে যেত মহল্লা, ভবানীপুরের পিসির বাড়ি গলিতে চড়কি ছাড়লে যখন প্রতিবেশী দ্রুত জানলা বন্ধ করতেন, তখন সাহেব কলকাতাটা কেমন থম মেরে থাকত। আমি শুনতে পেতাম চার্নক সদ্য সুতানুটির পাড়ে এসে নামলেন জঙ্গলে ঘেরা একটা শহরের অন্ধকারে। একটা সরুপথ শুধু দেখতে পাচ্ছি ময়দান বরাবর চলে গেছে কালীঘাট মন্দিরে, পথে নাকি অনেক ঠগী দাঁড়িয়ে থাকে বলেও শোনা যায় যারা মাথায় আঘাত করে পথচারীর সম্পদ লুঠ করে…
সে নগরী একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তারপর। কত বাঈজি নাচ আর কত বাবুদের উনিশ শতকীয় বেলেল্লার মাঝে একরত্তি পুজোটাকেও দেখতে পাচ্ছি অদূরে। বিকেলের আলো পড়ে আসছে, সন্ধ্যা নামে বড় তাড়াতাড়ি আজকাল। মাইকেল আর ডিরোজিও ঘুরে বেড়াচ্ছেন পার্ক স্ট্রিট সিমেট্রি এলাকায়। সোভিয়েত পতন নিয়ে আলোচনা করছেন তাঁরা। সাম্যবাদ নাকি হেরে গেছে দুনিয়ায়। আর সারারাত জেগে মানুষ ভোগ খেতে পান না ছোট্ট পুজোয়। ঢাকি আর তাঁর সন্তানও আর আসেন না গ্রাম থেকে। আলতা ছাপ কেউ দেয় না প্যান্ডেল চত্বরে। কেউ আর সাজিয়ে রাখে না গাছের টব লাল-সাদা প্যান্ডেলের কোন ঘেঁষে। কুয়াশা শুধু নিয়ম করে এসে ঢেকে দেয় চরাচর..শেকড়-বাকড় নেমে আসে, বড় হয়ে যাওয়ার পর পুজোটা কোথাত হত, আমি আর খুঁজে পাই না নভেম্বর ডিসেম্বর মাসে…
পাড়ায় আজ কারা যেন ঘুরে বেড়ায়, সবাইকে চিনি না। শীত আসব-আসব করলেই, বুকের ভেতর শুধু আমি টের পাব গতজন্মের একটা কালীপুজোর বারবার, যেটা আমার পাড়াতেই হত, সেখানে আজ এপার্টমেন্ট ইঠে গেছে, পুজোটা আর হবে না কোনওদিন…