অজানা পাহাড়ি গ্রামে কালীপুজো
ট্রামলাইনের জন্য ঘুরে এসে লিখলেন দেবর্ষি বন্দ্যোপাধ্যায়

জলঢাকা নদীর পাশের ছোট্ট এই গ্রামে কয়েকটি বাড়িতে দীপাবলি আলো দিয়েছেন স্থানীয়রা। ব্রিজের উপর দিয়ে গাড়ি গেলে ঝ্যাঝ্যংঝ্যং শব্দে মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে পাশের নদীর স্রোতের শব্দ। স্রোতের এই শব্দটা এখন আমার নিত্যসঙ্গী সারাদিনের। হঠাৎ শুনলে মনে হচ্ছে, দূরে জোর ঝড়জল নেমেছে। যেন, এখানে মেঘ গাভীর মত চড়ে…সন্ধ্যা নেমে আসছে। কাছেই একটা মেলা বসেছে কালীপুজো উপলক্ষে। স্থানীয় বাজারে ছোট কয়েকটা প্যান্ডেলও দেখলাম। কাছেই ভুটান বাজার। সামসিন, সান্তালিখোলায় ট্যুরিস্টের রমরমা। তুলনায় কিছুটা নিরালা এ গ্রামগুলি। সুদূর রাস্তা আঁকাবাঁকা পথ বেয়ে কোথায় মিশেছে জানা নেই! কুয়াশায় ঢেকে যাচ্ছে বারবার বর্ডারের পাহাড় আর নদীর সঙ্গম..মাঝে মাঝে পাহাড়ি ড্যামের পাশে মোমোর দোকান। সে দোকান উদ্বোধন হচ্ছে আজ, দীপাবলি উপলক্ষে। আলো কমে আসছে বিকেলের, এত অন্ধকারে বুঝতে অসুবিধাই হচ্ছে আজ দীপাবলি..
ইন্টারনেট নেই এখানে। মাঝে মাঝে আচমকা পাওয়া যায় সভ্যতার সাথে সংযোগ। দূর থেকে খেলনা পাহাড়ের গা থেকে নেমে আসছে ছোট ছোট লাল নীল গাড়ি। পাহাড়ের গায়ে রাস্তাগুলোকে দূর থেকে ক্রিসমাস কেকের শরীরের কাটা দাগ বলে মনে হচ্ছে। যেন কেউ জন্মদিনের কেক কেটে রেখে গেছে এখানে। সে জন্মদিন যেন গতজন্মের। কোনও এক মনখারাপি টিয়ারঙের ঝুঁটি বাঁধা ছোটবেলার প্রেমিকার স্কুলছুটির পরের মনখারাপ। তারপর এই ঝরে থাকা পাতার মাঝখান দিয়ে তার একলা বাড়ি ফিরে যাওয়া চুপ করে নুড়িপাথর পেরোতে পেরোতে…তবে পুজোর জন্য স্থানীয় এলাকার স্কুলগুলি ছুটি। ছুটি কলেজও। তাই বাড়ির লোকেদের দোকান চালাতে সাহায্য করছে আজ এলাকার সমস্ত বাচ্চারা।
বিজয় তামাং ছোট দোকান চালান এখানে। তাঁর দোকানে মোমো, থুকপার সাথেই লজেন্স-সিগারেট পাওয়া যায়। একটা স্কুলে শিক্ষকতাও করেন তিনি। জানালেন, স্কুল বন্ধ লকডাউনে তাই টিনের এই ছোট্ট দোকানের দায়িত্ব নিয়েছেন তিনি সারাদিন। দোকান থেকে কিছুটা ছুটিই দিয়েছেন তাঁর দিদিকে। সিগারেট কেনার সময় বললেন, সস্তায় মোমো খেতে হলে আসবেন..তেমন তো ট্যুরিস্ট আসেন না এখানে, দুটো পয়সা হবে…তবে মোমো বানাতে তাঁর একটু সময় লাগে। তবে সে মোমো খেলে বোঝা যায়, এ রান্না রক্তে না থাকলে হয় না…মোমোর দোকানের পাশেই গিটার বাজাচ্ছেন স্থানীয় ক’জন স্কুলপড়ুয়া..দীপাবলির আবহে সেই সুরে সুর মিলিয়ে মন্ত্র গেয়ে উঠছে তাদের বান্ধবীরা…
যত সন্ধ্যা হয়ে আসছে, তত পাহাড়ের শরীরের নানা দিকে দীপাবলির আলো জ্বলে উঠছে ছোট ছোট। সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে আমি আবার চলে এসেছি জলঢাকা নদীর উপরের ব্রিজে। নীচ দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে নদী। যেন ঝমঝম করে ঝড়জল নামছে। বাজারে গিয়ে এরপর আমাকে দ্রুত কিছু খাবার কিনে নিতে হবে। বেশ কয়েকটা ছোট প্যান্ডেলে দেখলাম কালী মূর্তি। আদলে পাহাড় লেগে আছে সে মূর্তির। জানলাম, এলাকায় বাজি পোড়ানোর অনুমতি নেই। তবে কাঠের ছোট বাড়িগুলোর ফুলের টবের পাশে আলো দিয়েছেন কেউ কেউ। তাই অন্ধকারে দূর থেকে বড় মায়াবি লাগছে আজ গ্রামটা…
ফোনটা হাতে নিতেই মনে হল, সভ্যতার সাথে আমার সংযোগ নেই বহুদিন। মাঝে মাঝে শুধু টাওয়ার এলে, আচমকা নানা আপডেট ভেসে উঠছে…কেউ ব্যংকক গেছে তো কেউ সাউথ সিটির ফুডকোর্টে…এ সব খবরের থেকে বহুদূরে আমি এখন। দুনিয়ার সম্ভবত সবচেয়ে বড় সুখ, নেটওয়ার্ক না থাকা। এখনো এ সুখ সম্ভব হচ্ছে। কিন্তু কতদিন এটুকু ছুটিও মানুষ পাবে ইন্টারনেট থেকে? জানা নেই। এই পাহাড়ি রাস্তা, এই ছোট্ট পাহাড়ি গ্রাম, এই টিমটিম করে জ্বলে থাকা শিক্ষক বিজয় তামাংয়ের মুখ, এই পাহাড়ি গিটারের তাল, এইসব ছোট ছোট কালীপুজোর প্যান্ডেল ততদিন কি বেঁচে থাকবে? হলদে শরতের আকাশ আজ বিকেলে জলঢাকার জলে ছায়া ফেলেছে, মেঘগুলো যখন পাহাড়ের মাথায় মিশে যাচ্ছিল বড় মায়াবী লাগছিল…চুপ করে দাঁড়িয়েছিলাম অনেকটা সময় পাহাড়ি রাস্তায়…কলকাতায় কালীপুজোর আজ কত শব্দ আর এ পাহাড় ততটাই শান্ত অথচ আমি আছি একই বাংলায়…কলকাতার আকাশে নিশ্চয়ই আজ নানা বাজির হরেক আলো..সভ্যতার সে আলো কি কোনওদিন এসে পৌঁছবে মনখারাপী ছোট পাহাড়ি মেয়েটির মুখে, যার ব্যাগে শিশির লেগে স্যাঁতস্যাঁতে বইখাতা…টাওয়ার এলেই যত দ্রুত আপডেট ভেসে উঠছে ফোনে, কোনওদিন কি তত দ্রুত রোদ ভেসে উঠবে সেই পাহাড়ি মেয়েটির ঠান্ডা মুখে? যার কপালের কাছে একটা ব্রিজ দিয়ে গাড়ি গেলে ঝ্যাঝ্যংঝ্যং শব্দ হচ্ছে বারবার আর সে শব্দে ঢেকে যাচ্ছে তার থুতনির কাছের পাহাড়ি নদীর কুলকুল শব্দটা, খুব জোড়ে…
উত্তর খুঁজতে খুঁজতেই দেখলাম পাহাড়ি বাঁকের পুজোটার দিকে রাস্তা আটকে দাঁড়ানো স্কুলের ছেলেরা। সাথে একটা মোষের গাড়ি। মোষগুলির শিং-এ তেল মাখানো চকচকে, যাতে মাছি না বসে। পিঠে বাঁধা গাড়িতে বসে ক জন শিশু কালীপুজোর চাঁদা কাটছে। পাহাড়ে এমন অন্তত তিরিশটি পুজোয় এভাবেই আমায় চাঁদা দিতে হয়েছে আগে। দশ বা কুড়ি টাকা দিতেই রাস্তা ছেড়ে বিদায় জানিয়েছে ওরা। এবারে পকেটে হাত দিতে পঞ্চাশ টাকা বেরলো, বাড়িয়ে দিলাম টাকাটা মোষের গাড়ির দিকে, মোষের গলার ঘন্টা বেজে উঠল ঢংঢং, রাস্তা ছেড়ে দিল নেপালি ছেলেমেয়েরা, আমি গতজন্মের রাস্তায় প্রবেশ করে দেখলাম একটা সাতরঙা রংধনুর ভেতর ঢুকে পড়েছি… কারা দীপাবলির আলো দিয়েছে সেই রংধনুর নানাদিকে ছড়িয়েছিটিয়ে..সব ঈশ্বরেরই সন্তানসন্ততি যেন অদূরের ঝুলন্ত ব্রিজের ওপারে দাঁড়ানো…ক্রমে ছোট হয়ে আসছে তারা…এক হাতে চাঁদার টাকা আর অন্য হাতে বিদায় জানাচ্ছে তারা, আর, মোষটিও অদূরে দাঁড়িয়েই খুশিতে মাথা নাড়ছে তারপর, কিছুতে মাছি বসছে না আর তার শিং-এ…