অভিজিৎ বসু
আগে যা ঘটেছে : দুশো বছর বা তারও বেশি সময়ের পুরনো বাস্তুভিটে ছেড়ে চলে গিয়েছিল অর্পণ, যেতে বাধ্য হয়েছিল ‘পরিবর্তনে’র সময়ে। আর অর্পণের চোখ দিয়েই দেখা আর-এক কিশোরের গল্প পড়তে শুরু করেছিলাম আমরা। অর্পণের যেমন ছিল ক্রিকেট, তার ছিল ফুটবলার হবার অদম্য স্বপ্ন যা বাস্তবায়িত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার গুরু, ঈশ্বরতুল্য সতুদা। সেই সতুদাকেই একদিন খেলার মধ্যে গুলিবিদ্ধ হতে দেখে ভজা। সে পাগল হয়ে যায়, ভোরের ঘুম ভেঙে গেলে বুঝতে পারে না— এ স্বপ্ন, নাকি বাস্তব! সকালের আলো ফুটতেই সে দৌড় লাগায় বোসপাড়ার দিকে, যাবার সময়ে মা বলে দেন ফেরার পথে রামধনিয়ার মাঠ থেকে একটু কাঠের গুঁড়ো আর গোবর নিয়ে আসতে। সাতসকালে বোসপাড়ার ব্যানার্জিবাড়ির দরজায় ধাক্কা দেয় ভজা। অর্পণের ছেলেবেলার একটা দীর্ঘ সময় কাটে দমদমে তার মামার বাড়িতে যেখানে সে সাক্ষী থাকে যুদ্ধবিমানের। সতুর সঙ্গে ভজার দেখা হয়, কথা হয়। সতু ওকে ফুটবল খেলা চালিয়ে যেতে বলে কারণ সতু মনে করে ভজার জন্মই হয়েছে ফুটবল খেলার জন্যে। তোমার কাজটা কী তাহলে?— ভজা সতুকে জিজ্ঞেস করলে সতুর উত্তর, সে তু্ই বুঝবি না। ভজা চলে আসে আর ফেরার পথে গোবর আর কাঠের গুঁড়ো আনতে ভুলে যায়।
বাড়ির কালীপুজোয় অর্পণ দেখে ফ্যালে ঠাকুরদালানের আলমারিতে রাখা : Das Kapital: Kritik der politischen Ökonomie। আর তখনই, দূরে কোত্থেকে যেন ভেসে আসে : পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না…।
তারপর?
পড়তে থাকুন ‘ঝাপসা চোখে দেখা, সেই শহর’।
৫
‘এভাবে চলবে?’ অন্যমনস্ক ভজা মাথা ঘুরিয়ে দ্যাখে প্রশ্নটা ডলুদা তাকে উদ্দেশ করেই করছেন। ডলুদা আবার, ‘হ্যাঁ তোকেই বলছি, এভাবে চলবে তো?’ ভজা এবার ইতস্তত করে বলে, ’হ্যাঁ ডলুদা, মানে, ঠিক কী বলতে চাইছেন, বুঝলাম না…।’ ডলুদা এবার সরাসরি— ‘ফুটবলের স্কিলটা-না— ছুরির মতো, ধারালো! কেউ-কেউ সেটা নিয়ে জন্মায় হয়তো। কিন্তু তাকে রোজ ধার না দিলে মরচে পড়তে বাধ্য। একা-একা ব্যায়াম সমিতির মাঠে বল পেটালে আর এপাড়া-ওপাড়ায় কিছু হাইটের টুর্নামেন্ট খেললে সেটাই হবে ভজা। আর স্ট্যামিনা! স্ট্যামিনা তৈরি হবে কোত্থেকে? ফাইভ-এ-সাইড কিম্বা সিক্স-এ-সাইডের ছোট্ট মাঠগুলোয় অল্পকিছু পয়সার জন্য খেললে কোনোদিন বড়মাঠের নব্বই মিনিট তো দূরের কথা, সত্তর মিনিটও খেলে উঠতে পারবি না ভজা! তু্ই বড়মাঠের বড় ফুটবলার হতে চাস না? ভাব ভাব, ভেবে বল ভজা!’ ডলুদা ওকে কথা বলার সুযোগ না দিয়ে চলে যান।
সেদিন সন্ধেবেলাতেই ভজা ডলুদার সঙ্গে দেখা করে পাড়ার ক্লাবে। ডলুদাকে জানায় যে, ও খেলতে চায় ভালো কোথাও, যেখানে ঠিকভাবে শেখানো হয়, ডলুদা যদি ওকে একটু ব্যবস্থা করে দেন! দু-দিন সময় চান ডলুদা, বলেন, ‘দিনদুয়েক পর দেখা কর আমার সঙ্গে।’ ঠিক দু-দিনের মাথায় ডলুদাই ভজাকে ডেকে পাঠিয়ে বললেন, ‘আমার সঙ্গে কথা হয়ে গেছে, তু্ই কাল সকালে, ছ’টার মধ্যে ময়দানে ভ্রাতৃসংঘের টেন্টে চলে যাবি। ওখানে কোচ অরুণ চাকলাদার আছেন, ওর কাছে আমার নাম করে বলবি যে আমি পাঠিয়েছি, তারপর যা করার ও-ই করে দেবে। আর হ্যাঁ, তোর ফুটবল বুট আছে তো? ওখানে কিন্তু খালিপায়ে খেলা হয় না।’
অরুণ চাকলাদার ভ্রাতৃসংঘের মাঠে ‘দুখীরাম ফুটবল ট্রেনিং সেন্টার’ নামের একটা কোচিং চালাতেন। ওখান থেকেই কাজল ঢালী, দিলীপ পালিতের মতো বড়মাঠের বড় প্লেয়াররা উঠে এসেছে। সেসব অবশ্য ভজা পরে জেনেছিল। ডলুদার কাছ থেকে ফিরে সন্ধের দিকে, মা বাড়িতে ফিরলে পুরোটা বলাতে প্রথম দিকে একটু নিমরাজি হলেও শেষমেশ মা রাজিই হয়ে গেলেন। প্রতিদিনের মতোই কলাইয়ের বাটিতে ছোলা ভিজিয়ে রাখলেন ছেলের জন্য, আর, একটা একটাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘শোন, প্রথমদিন বলে একটাকা দিলুম। কাল থেকে কিন্তু পঞ্চাশ পয়সার বেশি দিতে পারব না। তাতে তোর ট্রামভাড়া হয়ে যাবে। ভজা খুশিমনে একটাকার নোটটা বালিশের তলায় রেখে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। মাঝরাতের দিকে স্বপ্ন দেখল, ভ্রাতৃসংঘের লিগের খেলায় মোহনবাগানের বিরুদ্ধে চাকলাদার ওকে খেলাশেষের দশ মিনিট আগে মাঠে নামাচ্ছে আর কানে-কানে বলছে— ওদের হাফে একদম যাবি না, আজকের ম্যাচ থেকে আমার এক পয়েন্ট চাই-ই…।

ছবি: শীলভদ্র দত্ত
মাঠে নেমে প্রথম পাঁচ মিনিট ভজার পায়ে বল এলই না। এখনও অবধি গোলশূন্য এই খেলায় মোহনবাগানের প্লেয়াররা কিছুতেই ওদের হাফ ডিঙোতে পারছে না। হঠাৎ-ই একটা বল কী-করে-যেন ভজার পায়ে চলে এল! ভজার কানে কে যেন বলল, ‘ফুটবল-মাঠে সুযোগ খুব বেশি আসে না, দৌড়ো, সামনে যে-ই থাকুক দৌড় লাগা ভজু’— সতুদার গলা! ভজা দিগ্বিদিকশূন্য হয়ে দৌড়তে লাগল। ভুলে গেল চাকলাদারের নির্দেশ। প্রথমেই উলাগানাথনকে টপকে গেল, একটু দূরেই প্রসূন ব্যানার্জি, স্রেফ স্পিডে প্রসূনকে বিট করল ভজা। সুব্রত ভট্টাচাৰ্যকে দেখা যাচ্ছে, ভজা পাত্তাও দিল না। কিন্তু দিলীপ পালিতকে ওর দিকে দৌড়ে আসতে দেখল। ভজা এবার বারপোস্টের দিকে তাকাল। গোলকিপার প্রশান্ত মিত্র-ও গোলমুখ ছোট করার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। ভজা এবার নাকে সেই অদ্ভুত গন্ধটা পেতে শুরু করল, যেটা গোল করার আগে সাধারণত ও পেয়ে থাকে। গোলের গন্ধ। এবার ওর ডাইরেকশন-কে ডাইভার্ট করল, একটা ছোট্ট বডি-সোয়ার্ভে বাঁদিকে ছিটকে বেরোল আর ওর সামনে গোলপোস্টটা চকিতে বড় হয়ে গেল! দিলীপ পালিত তখনও প্রচণ্ড বেগে ওর দিকে দৌড়ে আসছে, সুব্রত ভট্টাচাৰ্য-র গলা শুনতে পেল— পালিত, আটকা! একটা ছোট্ট মুভে পালিতকে কাটিয়ে ফাঁকা গোলে বলটা নিশ্চিত গোলের জন্য জালের দিকে ঠেলে দিয়ে ভজা মনে-মনে বলল, ‘সতুদা আমি পেরে গেছি! প্রথম খেলাতেই আমি গোল করেছি মা!’
গোটা মাঠে যেন শ্মশানের নিস্তব্ধতা। ঘোর কাটতেই ও ভ্রাতৃর রিজার্ভ বেঞ্চের দিকে দৌড় লাগাল, চকলাদার কীরকম যেন হতবাক, বেঞ্চে বসে আছে তখনও! অন্যেরা নাচানাচি করছে। হঠাৎ-ই ওর পাঁজরের কাছে কী যেন একটা আছড়ে পড়ল! পালিতের কনুই। ভজার চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে গেল! মুখ দিয়ে বেরিয়ে এল আর্তনাদ।
মাঝরাতে স্বপ্ন দেখছিল ভজা। চকিতে ঘুম ভেঙে গেল তার। কুঁজো থেকে একগ্লাস জল খেয়ে ঘুমোনোর চেষ্টা করল, কিন্তু আর ঘুম এল না। ভোর পাঁচটা অবধি জেগে বসে থাকল ভজা। পাশেই মা তখনও গভীর ঘুমে।
অর্পণদের শোবার ঘরের খাটের লাগোয়া জানলাটার ওপর থেকে বটগাছের ঝুরি নেমে এসেছিল। আর তারই ফাঁক দিয়ে ও বিছানায় শুয়ে-শুয়ে দেখত, ঠিক উল্টোদিকের বাড়ি ৩৯/২ বোস লেনের একতলার ঘরে কীরকম ঘটাংঘট শব্দে ছাপাখানার মেশিন চলছে, কখনও বেশ রাত অবধিই। ওর বেশ মনে আছে, প্রথমদিকে পায়ে প্যাডেল-করা ট্রেডল মেশিন ছিল, পরের দিকে মোটর এল। ও-বাড়ির অন্দরেই ছিল কম্পোজ করার জায়গা, সেখানে হাতে করে অক্ষরের পর অক্ষর সাজিয়ে শব্দ, বাক্য এবং একটা গোটা লেখা তৈরি হত। অর্পণ মাঝে-মাঝেই ও-বাড়ির প্রেসের মালিক ন’দা বা সেজদাকে রুমাল দিয়ে চোখ বেঁধে দিয়ে আবদার করত শব্দ তৈরি করার। কত সহজে ওরা ‘বাড়ি’, ‘গাড়ি’, ‘স্কুল’— টাইপ গেঁথে দেখাত! ওই কম্পোজ-রুমেই অর্পণের শোনা ১৯৭৪-এর ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্টের ধারাবিবরণী। প্রথম ইনিংসে গাভাসকারের সেঞ্চুরির খুবই প্রশংসা হয়েছিল। কমেন্ট্রিতে ছিলেন সুরেশ সারাইয়া, আনন্দ সীতালবাদ, সঙ্গে বিশেষজ্ঞ বিজয় মার্চেন্ট। বাবা বলতেন মার্চেন্টের কথা শুনতে। ক্রিকেটের ওপর মার্চেন্টের লেখা একটা ছোট্ট বইও বাবা অর্পণকে দিয়েছিলেন। নিত্যসঙ্গী সেই বইটা বালিশের তলায় নিয়ে ঘুমোত অর্পণ। ফরওয়ার্ড শর্ট লেগ, গালি, মিড অন, মিড অফ, ফাইন লেগ— এসব পজিশন ছবিতে এঁকে দেখানো ছিল। ও স্বপ্ন দেখত ওই সবুজ মাঠের কোনো একটি কোনায় কোনো একদিন সে-ও হয়তো দাঁড়াবে!
ওই সিরিজ যদিও একান্তভাবেই ছিল গুন্ডাপ্পা বিশ্বনাথের। কলকাতার ইডেন গার্ডেন্সে একশো ঊনচল্লিশ আর তখনকার মাদ্রাজে সাতানব্বই রানের ইনিংস তাঁকে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। প্রসঙ্গত, ওই দুই টেস্টেই পতৌদির ভারত জিতে যায়। আর ছোট্ট অর্পণের চেতনে, অবচেতনে শুধুই যেন বিশ্বনাথ খেলা করে যেতে থাকে, ক্রমাগত। স্কোয়ার কাট, লেগ গ্লান্স, ফ্লিক এক-এক করে মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে।

ছবি: শীলভদ্র দত্ত
অন্ধকার ভোর থাকতেই দাঁত মেজে, মুঠোভর্তি ছোলা আর খবরের কাগজে মোড়া সতুদার দেওয়া বুটজোড়া নিয়ে ভজা এসে দাঁড়াল বিবেকানন্দ রোড আর কর্নওয়ালিস স্ট্রিটের ক্রসিংয়ে। এখানেই এক কিম্বা পাঁচ নম্বর ট্রাম আসবে, যাতে-করে ও এসপ্ল্যানেড যাবে। রাস্তার টিমটিমে আলো এখনও নেভানো হয়নি। ডি এম লাইব্রেরি, এম ভট্টাচাৰ্য-র ওষুধের দোকানের পাল্লা ফেলা। চারিদিকের সবকিছুই বেমক্কা শুনশান। একটু দূর থেকে শোনা গেল ট্রামের আওয়াজ, খানিকটা আবছা আলোও যেন নিকষকালো কোবল্ পাথরের ওপর পাতা ট্রামলাইনে এসে পড়ছে! এবার ও পরিষ্কার দেখতে পেল ট্রামটা বেশ দ্রুতগতিতে ওর দিকে দৌড়ে আসছে। একটু হলেও ভজার বুকটা ঢিপঢিপ করছে। এ-ই প্রথম সে বাড়ি ছেড়ে এতদূর যাবে, একা। মা বলে দিয়েছেন সেকেন্ড ক্লাসে উঠতে আর কনডাক্টর কাকুকে বলতে, ওকে এসপ্ল্যানেডে নামিয়ে দিতে। ও তা-ই করল। ফাঁকা কামরার সামনের দিকে গিয়ে বসল, যেখানে দুটো কামরা জোড়া লেগেছে। ভাড়া বাবদ একটাকার নোটটা কনডাক্টর কাকুর দিকে এগিয়ে দিলে উনি যেন খানিকটা বিরক্তই হলেন, বললেন, ‘সকাল-সকাল খুচরো আনোনি!’ ট্রাম এগিয়ে চলেছে, আবছা আলোয় একে-একে পেরিয়ে যাচ্ছে হাবা কাকার দোকান, শ্রীমানী মার্কেট, ডি রতন-এর ফটোর দোকান, আর্য কন্যা স্কুল, বিদ্যাসাগর হস্টেল, ডান দিকে ব্রাহ্মসমাজ, মধুসূদন বস্ত্রালয়, বীণা সিনেমা, ঠনঠনিয়া কালীবাড়ি। এরপর সব যেন কিছুটা অচেনা-অজানা হয়ে গেল ভজার কাছে। দ্রুত ট্রাম দ্রুততর হল— গোলদীঘি, মেডিকেল কলেজ, কলেজ স্ট্রিট পেরোল— পেরিয়ে এল বড়-বড় স্কুল-কলেজ— ওয়েলিংটন স্কোয়ারে এসে ডানদিকে বাঁক নিয়েই বেশকিছু সিনেমা হল্-কে পেছনে ফেলে এক বিশাল খোলা জায়গায় এসে ট্রাম থামল। এটাই এসপ্ল্যানেড। এখানেই নামতে হবে ওকে। আকাশে এখন ভোরের প্রথম আলো চিকচিক করছে!

ছবি: শীলভদ্র দত্ত
কলকাতার রাস্তায় ভোরের ট্রাম তখনও দ্রুতগতিতে ছুটত, ইউরোপের মতোই। ভজা অবশ্য এসব বুঝত না, যা অর্পণ জেনেছিল, বেশকিছু পরে, ‘অপারেশন ডে ব্রেক’ ছবিটা দেখতে গিয়ে।
(চলছে)