ফের বিশ্ববন্দিত চলচ্চিত্রকার জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ তেহেরান আদালতের: শিল্প কি আদৌ মুক্ত? স্বাধীন? নাকি, আজও শাসকের ইচ্ছেতেই সব?
লিখছেন নেহা চক্রবর্তী

“আমরা এমন সমাজ তৈরি করছি, যেখানে দ্রুত হাসতে চাই, কিন্তু ভাবতে চাই না”
“I have to make films, and I consider this my natural right.
Way more than I want to think of it as a political resistance act, it is my basic human right to make the film I want to make.”
~Jafar Panahi
ইরানি সিনেমার এক অগ্রণী কণ্ঠস্বর পানাহি। তাঁর কর্মজীবনে সরকারি হস্তক্ষেপের ইতিহাস দীর্ঘ। কখনও ভ্রমণে নিষেধাজ্ঞা, কখনও চলচ্চিত্র নির্মাণে বাধা, কখনও বা কারাবাস, যার কারণ শুধুমাত্র স্বাধীনভাবে সিনেমা বানানো। এই হস্তক্ষেপকে কেউ বলে ‘সাংস্কৃতিক নিয়ন্ত্রণ’, কেউ বা বলে ‘নিরাপত্তার প্রশ্ন’। একজন নির্মাতার ওপর নিষেধাজ্ঞা জারি করে কি তার কল্পনা শক্তিকে নিয়ন্ত্রণ করা সম্ভব? চলচ্চিত্র কি কেবল অনুমোদিত স্টুডিও, নির্দিষ্ট বাজেট এবং রাষ্ট্রের অনুমতি নিয়ে তৈরি হবে, না কি মানুষের বাস্তব অভিজ্ঞতাই তাকে নতুন রূপ দিতে পারে? এই প্রশ্নের উত্তর দিতে নারাজ রাষ্ট্র। তবে শিল্পীর স্বাধীনতা ও রাষ্ট্রের নজরদারির এই দ্বন্দ্ব শুধু ইরানের নয় বিশ্বের বহু জায়গায় কম-বেশি উপস্থিত। যেমন তৃতীয় বিশ্বের দেশ ভারতে। ভারতীয় সিনেমার সঙ্গেও এটি ওতপ্রোত ভাবে জড়িত।
কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণ, সরকারি হস্তক্ষেপ কি ভারতীয় সিনেমার বর্তমান অবস্থার সঙ্গে যুক্ত?
কিছুটা যুক্ত। যদি সিনেমা-বিমুখ একাংশ মানুষের কথা ভাবি যারা বলছেন সিনেমা এখন শুধুমাত্র বিনোদন, শিল্প নয়; যারা আর্ট হাউজ ফিল্ম দেখতে চান না বরং বাণিজ্যিক ছাঁচে তৈরি গল্পই তাদের কাছে শ্রেষ্ঠ। এই ‘সিনেমা বিমুখতা’ বা ‘আর্ট বিমুখতা’ কোনো রাজনৈতিক নির্দেশ নয়, বরং এক ধরনের সামাজিক রুচি ও বাজার-নির্ভরতার ফল। তাই তৃতীয় বিশ্বের দেশে শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। রিল কালচারের মাধ্যমে দর্শকের উপর নিয়ন্ত্রণ চালাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি কেবল রুচির পরিবর্তন নয়, এটি একটি কাঠামোগত নিয়ন্ত্রণ। রিল কালচার ও শর্ট-ফর্ম ভিডিওর মাধ্যমে দর্শকের মনোযোগ ব্যবস্থাপিত হয় । কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক করে দেয় কে কী দেখবে, কত সেকেন্ড দেখবে, কী ভাববে না বা কতটা ভাববে।
“The algorithm does not ban a film; it simply ensures no one waits long enough to watch it.”
সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ না করলেও পৃষ্ঠপোষকতা, সেন্সর নীতি ও মাফিয়ার মাধ্যমে দর্শকের উপর পরোক্ষ প্রভাব ফেলে।ভারতীয় প্রেক্ষাপটে সিনেমার প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মূলত নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক । সেন্সর বোর্ড, ফিল্ম ফেস্টিভ্যাল সবই একই কাঠামোর অংশ।
তবে মানুষ কি শিল্পকে শুধু বিনোদনের মাপকাঠিতে বিচার করবে? যদি একাংশ মানুষ রাজনৈতিক সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেন, সেটি কি শিল্পীর ব্যর্থতা, না কি সমাজের অস্থিরতা? পানাহির মতো শিল্পীরা জেল খেটেও এখনও সিনেমা বানিয়ে যান। কারণ তাঁরা মনে করেন, শিল্পের নিজস্ব ভাষা আছে, যা কোনো হস্তক্ষেপেই থামানো যায় না।
আসলে আরেকটু দৃঢ় ভাবে ভেবে দেখলে গেলে আমরা এমন সমাজ তৈরি করছি, যেখানে সবাই দ্রুত হাসতে চাই, কিন্তু ভাবতে চাই না। জাফর পানাহির জেলের প্রশ্নটি শুধু একটি ব্যক্তির ভাগ্য নয়— এটি শিল্পীর স্বাধীনতা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের মধ্যে সীমারেখা নির্ধারণের প্রশ্ন। প্রতিটি পদক্ষেপের পেছনে রাষ্ট্রের নিজস্ব ব্যাখ্যা আছে— নিরাপত্তা, আইন, রাষ্ট্রবিরোধী প্রচার। কিন্তু শিল্পীর দৃষ্টিতে এটি সৃজনশীলতার উপর হস্তক্ষেপ।
এছাড়া উদাসীনতার কারণে আজ শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা থেকেও বিরত থাকছে বহু মানুষ। শিল্পীদের রাজনৈতিক বোধকে শিল্প হিসেবে তুলে ধরলেই হাস্য-বিদ্রূপ অথবা লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। তাদের আত্মবলিদান দিতে হচ্ছে বছরের পর বছর। যারা অন্যায় করছে তারা খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে অথচ যারা প্রতিবাদ করছে তাদের হচ্ছে কারাবাস। প্রতিবাদের ভাষা কি তাহলে হবে শুধুই মৌনতা?