লিখছেন: নেহা চক্রবর্তী
গত ৩১ অক্টোবর ২০২৬-এ যে দৃশ্য পশ্চিমবঙ্গের রাস্তায় দেখা গেল, তা নিছক কোনো রাজনৈতিক প্রতিবাদ ছিল না। বরং ছিল বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের পক্ষে এক নীরব অথচ তীক্ষ্ণ উচ্চারণ। কলকাতার কলেজ স্ট্রিট-সহ বিভিন্ন জেলায় সংগঠিত হল ‘বইয়ের মিছিল’। শারদীয়ার সময় রাজ্যজুড়ে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, ভাঙচুর ও বুলডোজার চালানোর প্রতিবাদে ‘বইয়ের জন্য হাঁটুন’ কর্মসূচিতে হাজারো মানুষ পথে নেমেছিলেন সেদিন। তাঁদের হাতে কোনো দলীয় পতাকা নয়, ছিল শুধুই বই।

এই মিছিলকে অনেকে বলেছেন নিছক ‘বাম জোটের’ প্রতিবাদ। কিন্তু শুধুই কি তাই? যাঁরা ওই মিছিলে উপস্থিত থেকেছেন তাদের মধ্যে ছিলেন পড়ুয়া, লেখক, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাধারণ নাগরিক। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন । বাম জোট এখানে রাজনৈতিক স্লোগানের পরিবর্তে সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা বেছে নিয়েছে। এটি তাদের কৌশলগত পরিপক্বতারই পরিচয়। কারণ বইয়ের ওপর আক্রমণ আসলে চিন্তার স্বাধীনতার ওপর আক্রমণ, এবং সেই আক্রমণকে রাজনৈতিক রঙ দিলে তার ব্যাপকতা সংকুচিত হয়ে যাবে।
এই সিদ্ধান্তের দূরদর্শিতা এই যে, পতাকা থাকলে মিছিলটি হয়ে যেত ‘বামেদের মিছিল’ আর পতাকা না থাকায় তা হয়ে উঠল ‘বইপ্রেমীদের মিছিল’ যেখানে সব রাজনৈতিক মতের মানুষ নিজের পছন্দের বই হাতে নিয়ে শামিল হতে পারেন। ফলে প্রতিবাদটি রাজনৈতিক বলয় ভেঙে একটি সর্বজনীন সাংস্কৃতিক আন্দোলনে রূপ নেয়। রাজনৈতিক স্লোগান বা দলীয় পতাকার বদলে প্রতিবাদীদের হাতে ছিল বিভিন্ন বই, মনীষীদের ছবি ও প্ল্যাকার্ড। মিছিলে গাওয়া হয় নাজিম হিকমতের ‘ওরা আমাদের গাইতে দেয় না’-র বাংলা অনুবাদ, রবীন্দ্রনাথের ‘বাঁধ ভেঙে দাও’, এছাড়া ‘উই শ্যাল ওভারকাম’-এর বাংলা সংস্করণ ‘আমরা করব জয়’।

এই মিছিলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল বইয়ের অভূতপূর্ব বৈচিত্র্য। কারও হাতে মার্কসের ‘ক্যাপিটাল’, কারও হাতে ছিল রবীন্দ্রনাথের ‘গোরা’। কেউ ধরে ছিলেন আম্বেদকর, কেউ বা শরৎচন্দ্রের ‘পথের দাবি’। কেউ নিয়ে এসেছিলেন ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত; কেউ বা স্বামী বিবেকানন্দের বই। এক তরুণীর হাতে ছিল অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, অন্যজনের হাতে ভগৎ সিংয়ের ‘জেল ডায়েরি’ বা ‘আমি কেন নাস্তিক’। শক্ত করে কেউ ধরেছিলেন ‘কমিউনিস্ট ইশতেহার’ আবার এক শিশুর হাতে ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘টুনটুনির বই’। এই বৈচিত্র্যই প্রমাণ করে, বই কোনো একক মতাদর্শের সম্পত্তি নয়। বইয়ের ওপর আক্রমণ মানে এই সমগ্র বহুত্বের ওপর আক্রমণ এবং মিছিলের এই বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ সেই আক্রমণের বিরুদ্ধে সবচেয়ে জোরালো জবাব। কেউ হয়তো ভাবেনি পর্যন্ত বইয়ের ওপর আক্রমণ হবে কখনও, কিন্তু ফ্যাসিস্টদের চিত্র বুঝি এমনই হয়। রাজ্যের নতুন সরকার বামপন্থী বইয়ের স্টলগুলিকে ‘বিদ্রোহী প্রচার’ আখ্যা দিয়ে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়; যাদবপুর, বারাসাত-সহ বিভিন্ন জায়গায় বুলডোজার নিয়ে স্টল ভাঙার চেষ্টা হয়, বই ছুড়ে ফেলা হয়, পদদলিত করা হয়। কিন্তু এই আক্রমণের তাৎপর্য কেবল বইয়ের ভৌত ধ্বংসে নয়—এটি ছিল চিন্তার স্বাধীনতা, বাকস্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর সরাসরি হানা। বই আক্রমণের লক্ষ্য যদি চিন্তাশক্তিকেই আক্রমণ করা হয়, তবে তার জবাবও বইয়ের মাধ্যমেই দেওয়া উচিত এবং সেই জবাবই দিয়েছেন বাংলার মানুষ।

তবে কিছু রাজনৈতিক সমালোচকরা জানাচ্ছেন এই বইয়ের মিছিল ছিল মধ্যবিত্ত স্তরের মিছিল। মধ্যবিত্ত ও সুশীল সমাজের পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিকতা কমছে। ফলে এটির সুদুরপ্রসারী ফল কতটা হবে, তা ভাববার বিষয়। অন্যদিকে বামের প্রকৃত কোন জোট হয়েছে বলে মনে হচ্ছে না। পুরোটাই উপর উপর হচ্ছে। কর্মী পর্যন্ত চাহিদা কতটা পৌঁছেছে সেটা সত্যি প্রশ্ন। ছোট দল গুলো জোটে বিশেষ আগ্রহী। তবে উপর উপর হলেও ঐক্য হচ্ছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু সেটা ক্ষমতাধারী দলেদের আক্রমণের জন্যই।
এই মিছিল শেষ পর্যন্ত একটি প্রশ্ন রেখে যায়: একটি সমাজ যদি বইকেই আক্রমণ করে, তবে সে সমাজ কোন পথে এগোচ্ছে?