‘Emperor vs শরৎচন্দ্র’ বাঙালি সাহসী অতীতের এক দুর্লভ ডকুমেন্টেশান-কিছু করতালি, কিছু সংশয়…
টিম ট্রামলাইন

এবারের পুজোর বাংলা সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘Emperor vs শরৎচন্দ্র’।
শরৎচন্দ্রের ‘পথের দাবি’ উপন্যাসটি নিঃসন্দেহে চিরকালীন। আর সেই চিরকালীনত্বকেই যেন আর একবার সমকালের আলোয় পরীক্ষা করলেন সৃজিত। সাম্প্রতিক বাংলা সিনেমা ও থিয়েটারে আইকনদের দেখার প্রবণতা বেড়েছে বাঙালির। তা সে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক হোক বা শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু…
সমকালে বড় কিছু ঘটছে না বলেই হয়তো অতীতের দিকে তাকিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছে বাঙালি।
কিন্তু, সৃজিতের শরৎচন্দ্র-প্রেম এই ট্রেন্ড থেকে কিছুটা আলাদা।
মৃণাল সেনকে নিয়ে ‘পদাতিক’, সুভাষচন্দ্র বসুকে নিয়ে ‘গুমনামী’, ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে ‘এক যে ছিল রাজা’, বা হালের ‘উইংকল টুইংকল’ বা ‘নির্বাক’— সাম্প্রতিক সিনেমাগুলোতে বারবারই আইকনদের নিয়ে নানা পরীক্ষা-নিরিক্ষা চালিয়েছেন সৃজিত। প্রশ্ন তুলেছেন প্রচলিত
প্রচলিত নানা কিছু নিয়েই। সেখানেই জনপ্রিয়তা সত্ত্বেও সাহসী হয়ে উঠেছেন তিনি।
সেভাবেই শরৎচন্দ্র ও ‘পথের দাবি’কে ঘিরে বাংলার সশস্ত্র অগ্নিযুগ, ব্রিটিশ রাজত্ব, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শরৎচন্দ্রের রাজনৈতিক মতান্তরকেও তুলে ধরেছেন তিনি।
প্রখ্যাত রুশ সাহিত্যিক বুলগাকভের প্রখ্যাত একটি কথা, ‘পান্ডুলিপি পোড়ে না’-কেই যেন ‘পথের দাবি’র চূড়ান্ত রাজনৈতিক বয়ানকে হাজার সেন্সরশিপ দিয়েও আটকাতে না পারার মধ্যে প্রতিধ্বনিত হতে দেখা যায়।
সৃজিত যদিও দেখিয়েছেন যে, রবীন্দ্রনাথ কিছুটা ‘সেফ’ থাকতেই শরৎচন্দ্রকে এই উপন্যাস প্রকাশে সতর্ক করেন। এমনকি শরৎচন্দ্রের একাধিক অনুরোধেও ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে, তিনি শরৎচন্দ্রের পাশে দাঁড়াতে চাননি। কিন্তু, আদতে রবীন্দ্রনাথ, যিনি জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে এককথায় নাইটহুড ত্যাগ করেন বা ‘আপন বুকের পাঁজর জ্বালিয়ে একলা জ্বলা’র কথা বলেন,
তিনি চেয়েছিলেন, শরৎকে বিদেশি শত্রুদের হাত থেকে কিছুটা বাঁচাতে। তবু, এইসব ঐতিহাসিক কুটকাঁচালি বাদ দিলে, শরৎচন্দ্রের সাহিত্য জগৎ এবং তাঁর সমকাল ও জীবনকে এত নিপুণ ভাবে তুলে ধরাটা নিঃসন্দেহে ব্যাতিক্রমী। সিনেমার ফ্র্যাঞ্চাইজির যুগেও ইতিহাস আশ্রিত দুর্লভ সোনার অতীতকে আজকের আখ্যানে বুনে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়।
শরৎচন্দ্রের জীবনের পাশাপাশি সব্যসাচী চরিত্রটি এবং তার গুপ্ত সমিতি নানা ছদ্মবেশে দেশবিদেশে বিপ্লবের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি শরৎচন্দ্রের অন্যান্য প্রখ্যাত চরিত্র দেবদাস-চন্দ্রমুখী— এই সবকিছুকে একসাথে করে সৃজিত তাঁর ঘরানার ছাপ রেখেছেন এই ছবিতে।
আজ যখন আমাদের দেশের রাজনীতির চেহারা ক্রমেই অন্ধকারাচ্ছন্ন, সদর্থে দেশনায়ক শব্দটাই অনুপস্থিত, তখন বাংলা ভাষার একজন লেখক ও তাঁর লেখাকে ঘিরে একটা আস্ত যুগ কীভাবে আন্দোলিত হয়েছিল, ‘পথের দাবি’ উপন্যাসটা কীভাবে প্রতিটি বিপ্লবী তার মনের মণিকোঠায় রেখে নিজের প্রাণ বলিদান দিতেও পিছপা হননি, তার অসামান্য ডকুমেন্টেশন ‘Emperor vs শরৎচন্দ্র’।
সবশেষে এটাই বলার, কোনও ভিডিও বা অডিও ছাড়া শরৎচন্দ্রের মতো একজন আইকনককে রূপদান করা, খুব সহজ ছিল না। কিন্তু টোটা রায়চৌধুরীর মধ্য দিয়ে সৃজিত তা পেরেছেন অবলীলায়। যেমন, সব্যসাচীর চরিত্রে আবীরের ভূমিকা যথেষ্ট প্রশংসার দাবি রাখে।