সৌম্যা ঘোষ

‘কাকে বলে রাজনৈতিক থিয়েটার?’ বিষয়ে ‘সফদর হাসমি স্মারক বক্তৃতা’য় বলবেন কবি ও অধ্যাপক অভীক মজুমদার। আয়োজিত হতে চলেছে এ. এম. আর্ট স্টুডিওয়, আগামী ৩১ অক্টোবর, বিকেল সাড়ে পাঁচটায়। আয়োজনে আনন্দপুর গুজব নাট্যদল। এর আগে, এই বিশেষ বক্তৃতা দিয়েছেন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব বিপ্লব বন্দ্যোপাধ্যায়। এবারে বলবেন অভীকবাবু। রাজনৈতিক থিয়েটারের কী ও তার প্রাসঙ্গিকতা নিয়েই বলবেন তিনি।
আগের পর্বে বিপ্লব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘কেন আমি রাজনৈতিক থিয়েটার করি’- এই বিষয়ে। মূলত, কীভাবে রাজনৈতিক থিয়েটারের আবহে তিনি বেড়ে উঠে আজ প্রতিষ্ঠিত নির্দেশক হয়ে উঠলেন, তা নিয়েই বিশেষ ভবে আলোচনা করেছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবারের আলোচনায় রাজনৈতিক থিয়েটারের ধারণা ও তার নানা দিক উঠে আসবে বলে আশা করা যায়।
অভীক মজুমদারের কবিতা ও গদ্যে বারবার ধ্বনিত হয়েছে সময়ের স্বর। থিয়েটার নিয়েও নানা সময়ে জরুরি নানা চিন্তা ব্যক্ত করেছেন তিনি। এ দিনও শ্রোতারা যে স্বতন্ত্র এক ভাবনার মুখোমুখি হবেন, তা বলাই বাহুল্য। আয়োজকদের এই অন্য ধারার বক্তৃতা আয়োজন করার জন্য ধন্যবাদ।