বিশ্বমঞ্চে মা সারদার জীবন, সিডনিতে ‘Universal Heart’

মা সারদার জীবন, তাঁর আদর্শ এবং পূর্ব ও পশ্চিমের অনুগামীদের অবদানের কাহিনি নিয়ে সিডনিতে মঞ্চস্থ হল বিশেষ নাট্যপ্রযোজনা ‘Universal Heart’। শ্রীশ্রীমা সারদা দেবীর জীবন ও কর্মের পাশাপাশি নারীশিক্ষা, মানবসেবা এবং সারা বিশ্বের মানুষের মধ্যে তাঁর আদর্শের বিস্তারের দিকটিও এই প্রযোজনায় তুলে ধরা হয়েছে। প্রব্রাজিকা অজয়প্রাণা মাতাজির জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রযোজনাটি সংগঠিত করে তাঁর শিষ্যা প্রব্রাজিকা গায়ত্রীপ্রাণা মাতাজীর নেতৃত্বে Vedanta Society of NSW।
১৩ ও ১৪ সেপ্টেম্বর ২০২৬, অস্ট্রেলিয়ার সিডনির Chatswood-এর Zenith Theatre-এ পরপর দুটি শো অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বরের প্রিমিয়ার ছিল হাউসফুল। জানা যায়, কলকাতা থেকে অনলাইন অডিশন ও সাক্ষাৎকারের পর মা সারদার চরিত্রে নির্বাচিত হন অভিনেত্রী সেঁজুতি মুখোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের চরিত্রের অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ২০১৩ সালে সিডনি ও ব্রিসবেন শহরে স্বামীজির জীবন আধারিত ‘Oneness’ নাটকেও অভিনয় করেছিলেন। দুজনেই বাংলা মঞ্চ ও অভিনয়জগতের পরিচিত শিল্পী। কিছু অনলাইন ও ৫ দিনের অফলাইন রিহার্সালের পর এই আন্তর্জাতিক প্রযোজনায় তাঁরা অংশ নেন।
প্রায় ১৭টি চরিত্রের এই নাটকে ভারতীয় শিল্পীদের পাশাপাশি ছিলেন অস্ট্রেলিয়ার শিল্পীরাও। প্রযোজনাটির ভাবনা, পরিচালনা ও সামগ্রিক দায়িত্বে ছিলেন সিডনি প্রবাসী পরিচালক মধুছন্দা সেন। সহকারী পরিচালক ছিলেন সিডনির প্রখ্যাত চরিত্রাভিনেত্রী ডেইড্রি ক্যাম্পবেল। ফলে ‘Universal Heart’ হয়ে উঠেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদার জীবনদর্শনকে তুলে ধরার সত্যিই এক আন্তর্জাতিক প্রয়াস।
প্রসঙ্গত, প্রব্রজিকা অজয়প্রাণা মাতাজি রামকৃষ্ণ সংঘের এক অগ্রণী সন্ন্যাসিনী। তিনি New South Wales ও South Australia-র Ramakrishna Sarada Vedanta Societies-এর President and Minister এবং ১৯৮২ সালে সিডনিতে শ্রী সারদা মঠের ভারতের বাইরে প্রথম কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ‘Universal Heart’-এর মাধ্যমে তাঁর জন্মশতবর্ষে মা সারদার মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছল।