প্রখ্যাত চিত্রশিল্পী সনৎ করের ৯০তম জন্মদিন উপলক্ষে এক প্রদর্শনী
সৌম্যা ঘোষ

প্রখ্যাত চিত্রশিল্পী সনৎ করের ৯০তম জন্মদিন উপলক্ষে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৯ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত প্রদর্শনীটি চলবে কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্ট লিটারেচার অ্যান্ড কালচার সভাকক্ষে। এই প্রদর্শনীতে সমকালের একাধিক চিত্রশিল্পী, সকলেই সনৎ করের ছাত্র এবং বর্তমান ভারতের ছাপচিত্র কলার কৃতি। এমনকি সনৎ করের ছবি পরবর্তী প্রজন্ম কীভাবে দেখছে, তা নিয়েও থাকছে বিশেষ আয়োজন।
এ শহরেই সনৎবাবুর পড়াশোনা এবং বেড়ে ওঠা। শিক্ষক হিসেবেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে ছিলেন।
আয়োজকদের তরফে অধ্যাপক ও চিত্রশিল্পী পরাগ রায় জানালেন, ষাটের দশকে আর্ট কলেজ থেকে পাশ করে সনৎ কর ও তাঁর বন্ধুরা তৈরি করে ‘সোসাইটি অফ কনটেম্পোরারি আর্টস’।

ভারতবর্ষের প্রিন্ট মেকিং বা ছাপাই ছবির ইতিহাসে রয়েছে তাঁর বিশেষ অবদান।
মূলত দুষ্প্রাপ্য নানা সামগ্রী দিয়েই ছাপাই ছবি বা প্রিন্ট মেকিং করেছেন সনৎ কর। জাপান বা ইউরোপেই প্রথম এ ধরনের ছবির চর্চা শুরু হয়। যদিও ঠাকুরবাড়িতে গগন ঠাকুরের লিথোগ্রাফ থেকে তৈরি করা কার্টুনে-এর প্রভাব দেখা গিয়েছে।
চল্লিশ ও পঞ্চাশের দশকে মন্বন্তর-দাঙ্গা-দেশভাগ চিত্রশিল্পের জগতে গভীর প্রভাব ফেলেছিল। তার জের এসে পড়েছিল ষাটের দশকেও।

সনৎ বাবু ও তাঁর বন্ধুরা সেই সঙ্কটপূর্ণ সময়ে দাঁড়িয়ে বুঝতে পারছিলেন চিত্রশিল্পের জগতেও বড় বদল এসেছে। সেই ভাবনাকে ঘিরেই নিজেদের স্টুডিওতে লিথোগ্রাফকে নিয়ে নানা আধুনিক চর্চা জারি রাখে তারা। সারা দুনিয়ায় ছাপাই ছবিকে ঘিরে যে চিত্রকলার কাজ জারি ছিল, সেসব নিজেদের ছবির ভাষায় নিয়ে আসেন তাঁরা। এরপর, সত্তরের দশকে শান্তিনিকেতনের কলাভবনে প্রিন্ট মেকিং এর নতুন বিভাগ খুললেন আরেক প্রখ্যাত শিল্পী সোমনাথ হোর। সনৎ কর ও সোমনাথরের যৌথ প্রয়াসে শান্তিনিকেতনে আসতে থাকে আরও নানা গুণী শিল্পী।
এ হেন গুণী সনৎবাবুকে ঘিরে এই প্রদর্শনী নিশ্চিত দাগ কাটবে চিত্রপ্রেমীদের মনে।