লিখছেন সৌম্যা ঘোষ

গলির বাইরে থোরের ডালিতে সারি দিয়ে বসানো গোবরের পুতুল। সদ্য শেষ হয়েছে মিঠাইদের বাড়িতে লক্ষ্মী-অলক্ষ্মী পুজো।
ঠাকুমা বড় যত্নে নিজের হাতে ওইসব গোবরের পুতুল আর সলতে গড়ত সারা দুপুর ধরে। ভাতঘুমের কোনো বালাই নেই। বরং, তড়িঘড়ি করে ভাত খেয়ে সরু পারের কোঁচানো সাদা শাড়ি পরে কাজে লেগে পড়ত।
সমাজের চোখে ‘অলক্ষ্মী’র তকমা কী হতে পারে, আমার জানা নেই। তবে, ‘অলক্ষ্মী’ আমার কাছে যা-কিছু অশুভ, সে-সবই।
তুলসীতলায় টিমটিম করে জ্বলছে আকাশ প্রদীপ। কার জন্যে, কাদের জন্যে সলতে পুড়িয়ে নিজেকে নিবেদন করে সে? যারা চলে যাওয়ার, তারা তো চলে যায়। পরপারের জন্য কেন চেয়ে থাকে মানুষ? কোন টানে? ক্ষণকালের হেমন্তে দীর্ঘ অপেক্ষার মতো মানুষ কি নিজের অন্তিম মুহূর্তের প্রহর গোনে?
পরলোকের সঙ্গে আত্মীয়তার আর্তিতে কাতর হয়ে ওঠে ওই একটিমাত্র আকাশ প্রদীপে?
আকাশ প্রদীপ জ্বলতে থাকে। নিজের শিখা পুড়িয়ে অন্যের আর্তিতে সে-ও সাড়া দেয়। ব্রহ্মান্ডের সঙ্গে, পরলোকের সঙ্গে মানবজীবনের সম্পর্ক কী?
সৃষ্টির অন্ধকার পথ ধরে ভেসে আসে বার্তা—
হিমেল হাওয়া। হাওয়ায় হাওয়ায় পোড়া বারুদের গন্ধ।
আকাশ প্রদীপ জ্বলতেই থাকে। হাওয়ায় সঙ্গে যুঝতে-যুঝতে।
ফ্যালফ্যাল করে একা মিঠাই চেয়ে বসে থাকে কালীপুজোর রাতে। রাতের আকাশের গায়ে কালশিটে। নিঝুম-কালো মনভার করা অন্ধকার।
কিছু তো একটা আছে এই হাওয়ার শরীরে। মামারবাড়িতে কাটানো প্রতিটা কালীপুজোর রাত, পুরনো বারুদের গন্ধ, মামার কোলে বসে দেওয়াল ভর্তি শ্যামাপোকা আর টিকটিকির গল্প শুনতে শুনতে খেয়ে নেওয়া, দিদার নরম হাতের গন্ধ, দিদার মটরচুড়ির খনখনে শব্দ, ভোরবেলা লুঙ্গি ছেড়ে ধুতি পরে দাদুর গোয়ালবাড়ি থেকে দুধ আনা…
মিঠাই জানে মামারবাড়ির একটা নিজস্ব গন্ধ আছে। সচরাচর সেই গন্ধ টের পাওয়া বিরল। দিদা-দাদুর উপস্থিতিতেই সেই গন্ধ মেলে।
না কি, এইসব মিথ্যে!
শহর ছেড়ে বজবজ লোকাল ছুটে চলেছে।
গোধূলির আকাশ রাঙা হয়ে উঠেছে। চুল্লির এমন গনগনে আভাতেই মানুষ পুড়ে যায়। এই আলো জীবনের অন্তিম আলো। এ লেলিহান গোধূলিকে যেন জীবনের অন্তিম মুহূর্তে এক মৃত্যুপথযাত্রীর শেষবারের মত ফিরে দেখা! এ গোধূলি-লগন বড় নিষ্ঠুর।
বজবজের একটা হাসপাতাল। মিঠাই দেখছে তার দাদুকে। মুখে অক্সিজেন মাস্ক। কোনওরকমে শ্বাস নিচ্ছে জরাজীর্ণ দুটো ফুসফুস। পুরোটাই মেশিনের সাহায্যে বাঁচিয়ে রাখা আর কি!
আর দু-দিন পরে ভাইফোঁটা। কিছু দিন আগেই রবীন্দ্র সরোবরের একটা হাসপাতালে মিঠাই তার দাদুকে বলে এসেছিল, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সামনে ভাইফোঁটা না…’
মিঠাই সেদিনই বুঝতে পেরে গিয়েছিল, প্রকৃতির এই আয়োজন নিছক অস্তরাগে নয়। এই সূর্যাস্ত মর্মান্তিক।
সব হেমন্তই আসলে মৃত্যুর পূর্বাভাস।
বিষণ্ণময় বিচ্ছিন্ন দ্বীপ হেমন্ত, অনন্ত সময় পারাবারে। হেমন্তের হাওয়া জানে, যারা যায়, তারা আর ফেরে না। ঘরে ফেরে শুধু ঊমা-শ্যামা-দুর্গা…
ঋতুদের সাম্রাজ্যে হেমন্ত ক্ষণস্থায়ী। আগাম শীতের পূর্বাভাস নিয়ে আসে হেমন্ত। আনে জরা, ক্ষয়, বিবর্ণতা কিংবা পাণ্ডুরতার বর্ণহীন বৈচিত্র্য। জীবনানন্দের মতো কবি এভাবে প্রত্যক্ষ করেছিলেন হেমন্তকে:
“দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ,
হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা,” (‘মৃত্যুর আগে’, ধূসর পাণ্ডুলিপি’)। হেমন্তের বিকেলে সুপক্ক যবের ঘ্রাণ অসহ্য লেগেছিল বলেই তো, জীবনের খ্যাতি প্রতিষ্ঠা বিত্ত বিলাসিতা স্ত্রী সন্তান সবকিছু ফেলে রেখে পূর্ণিমারাতে অশ্বত্থের তলায় আত্মঘাতী হয়েছিল ‘আট বছর আগের একদিন’ কবিতার নায়ক। হেমন্তের ইশারায় মৃত্যুর দুর্বোধ্য সংকেত…। হেমন্তে পাতাঝরার মরশুম। অযুত ক্ষয়ের সমারোহ।
কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর একটি কাব্যগ্রন্থের নাম রেখেছিলেন ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’।
পোস্টম্যানও যে ক্ষণিকের অতিথি। তার বিলি করা চিঠিতে থেকে যায় অজানা আগামীর সম্ভাব্য ঘটনা সংকেত। ক্ষণস্থায়ী হেমন্তও যেন পোস্টম্যানেরই মতো ত্বরিৎগতিতে আসে, চলে যায়, আর মানব সংসারে দিয়ে যায় জীবনের ক্ষণস্থায়িত্ব ও নিষ্ফলতার নির্মম নিঠুর বার্তা।
এক দুর্বার হাতছানি…
হেমন্তের সান্ধ্য বাতাসে এমনই সব অস্থিরতার বার্তা। অজানা, না-দেখা অথচ অদূর ভবিষ্যতের।
আর কিছুদিন পর থেকে হাওয়ায় হাওয়ায় ভাসবে পোড়া বারুদের গন্ধ। চারপাশে আলোর উৎসব, বিচ্ছিন্ন সব শব্দ। এই আলোর উৎসবে মানুষ কি বীভৎস রকম একা!