পুজো আসার কয়েকদিন আগের একটা একার সন্ধ্যা…

লিখছেন দীপশিখা ঘোষ দস্তিদার
পুজো চলে এলো। পাড়ায় পাড়ায় আলো ঝোলানো হয়ে গেছে। হয়ে গেছে, বাঁশ বাঁধা প্যান্ডেলে প্যান্ডেলে। গড়িয়াহাট আর হাতিবাগানে কেনাকাটা প্রায় শেষ। এবার শুধু দিনগোনার পালা…
কাল হাঁটছিলাম বাগবাজার ঘাটের দিকে। সন্ধায়। কুয়াশা বাড়ছিল ক্রমশ। দেখছিলাম, ক্যামেরা নিয়ে যথেচ্ছ ভিড় চারদিকে। কুমোরটুলি পাড়ায় ছবি তোলার তোড়জোর।
এবারে পুজোটা একটু দেরিতে নাকি শীতটা একটু আগে? বোঝা যাচ্ছে না। আসলে এই সময়টা, যেমন মানুষের ভিড় আর আনন্দ বাড়ে, তেমনই বাড়ে মানুষের একাকীত্ব। তাই অনেক আলোর মাঝেও একটা একাকীত্ব গ্রাস করবেই…
কীসের এই মনখারাপ বলা যায় না, কারণ নির্দিষ্ট কোনও খারাপ লাগা তো, থাকে না। তার উপর ঝুপ করে সন্ধ্যা নেমে আসা , তীব্র ছাতিম এর গন্ধ যেনো আরও একা করে দিয়ে যায়।
কিন্তু এতো আলোর মধ্যেও যে এই একা দাঁড়িয়ে থাকা, এটা অন্য রকমের একটা শক্তিও কিন্তু যোগায় আর যোগায় নিজের কাছে ফিরে আসা। এই আজকের সন্ধ্যাটার আমার একার গঙ্গা ভ্রমণ যেমন। মৌসুমী ভৌমিক যেমন গানে লিখেছিলেন, আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়…বলো নেবে তো আমায়…